দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় জাহাজে হামলার ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেলের দাম কমতে থাকায় গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় তেহরান হামলা জোরদার করছে বলে ধারণা করা হচ্ছে।
সামুদ্রিক তথ্য-উপাত্ত অনুযায়ী, গত অক্টোবর মাসে যুক্তরাজ্যের নৌবাহিনী-সংশ্লিষ্ট সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারে (ইউকেএমটিও) জাহাজে হামলার ৩০টির বেশি ঘটনা জানানো হয়। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো মাসে হামলার সংখ্যা ৩০ ছাড়াল।
সিএনএনের ইউকেএমটিওর তথ্য বিশ্লেষণ অনুযায়ী, চলতি নভেম্বরের ২৩ তারিখ পর্যন্ত অন্তত ২২টি হামলার খবর পাওয়া গেছে। যুদ্ধ শুরুর পর এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। ইউকেএমটিওর তথ্য সংগ্রহের আওতায় রয়েছে হরমুজ প্রণালি, পারস্য উপসাগর ও ওমান উপসাগর।
তবে প্রকৃত হামলার সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে। কারণ, সংস্থাটি কেবল প্রাথমিক সূত্রের মাধ্যমে যাচাই করা ঘটনাগুলোই প্রকাশ করে। শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে ইউকেএমটিও বলেছে, ‘আরও কিছু ঘটনার কথা জানা গেলেও সেগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।’
সাম্প্রতিক মাসগুলোতে কৌশলগত এই জলপথে জাহাজে হামলা বেড়েছে। হামলা এড়াতে অনেক জাহাজ তাদের বাণিজ্যিক ট্র্যাকিং ডিভাইস বন্ধ করে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত অক্টোবরের মাঝামাঝি প্রকাশিত এক প্রতিবেদনে ইউকেএমটিও জানায়, হামলার প্রকৃত সংখ্যা নির্ভুলভাবে তুলে ধরতে তারা সমস্যায় পড়ছে। কারণ, হামলার শিকার অধিকাংশ জাহাজই সংস্থাটিকে তা জানাচ্ছে না।
এদিকে ইরানের সামরিক বাহিনী প্রায় প্রতিদিনই প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে ঘিরে বিভিন্ন ঘটনার দাবি করছে। এসব ঘটনার জন্য প্রায়ই ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার পরিবর্তে সমুদ্র মাইনকে দায়ী করছে তারা। অক্টোবরের আগে এ অঞ্চলে মাসে গড়ে প্রায় ১০টি হামলার খবর পাওয়া যেত। সংখ্যায় কিছুটা পার্থক্য থাকলেও আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) তথ্যেও দেখা গেছে, চলতি বছরের এখন পর্যন্ত অক্টোবরে সবচেয়ে বেশি হামলার ঘটনা নিশ্চিত হয়েছে।
যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে হামলার কারণে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধ শুরুর প্রেক্ষাপট তৈরি করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান এই জলপথে জাহাজ চলাচল বন্ধের চেষ্টা শুরু করে। জবাবে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে সিএনএনের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলো প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিকল্প পথ বের করেছে।
যুদ্ধের আগে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ যে জলপথ দিয়ে পরিবহন করা হতো, সেই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো ২০২৫ সালের তুলনায় অনেক কম। বিশ্ববাজারে তেলের দাম কমার পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ অপরিশোধিত তেল বিক্রির আয়ও চাপে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, জলপথটির ওপর নিজেদের প্রভাব হারাতে থাকায় ওয়াশিংটনের কাছ থেকে ছাড় আদায়ে তেহরান হামলা আরও বাড়াতে পারে।
চুক্তির প্রয়োজন নেই: ট্রাম্প
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলছে, উপসাগরীয় দেশগুলো থেকে তেল রপ্তানি পুনরুদ্ধার হওয়ায় সাম্প্রতিক সময়ে তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপের আশঙ্কা কমে আসায় দেশটির মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পরও তেলের দাম কমেছে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) জ্যেষ্ঠ ইরান বিশ্লেষক হামিদরেজা আজিজি সিএনএনকে বলেন, ‘বাজারের ধারণা, পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা কম এবং তেলের সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে। তবে ইরান সংঘাত বাড়ানোর সিদ্ধান্ত নিলে এই ধারণা দ্রুত বদলে যেতে পারে।’
এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ করতে না পারায় ইরানের অভ্যন্তরীণ তেল বিক্রির আয় দ্রুত কমছে বলে জানিয়েছে সামুদ্রিক তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী সংস্থা কেপলার।
গত অক্টোবরের শেষ দিকে সংস্থাটি জানায়, ‘যুক্তরাষ্ট্রের অবরোধ এলাকার বাইরে সমুদ্রে থাকা ইরানি তেলের পরিমাণ শূন্যে নেমে এসেছে। চলতি মাসের শুরুতে চীনে সর্বশেষ চালান খালাস করা হয়েছে। ফলে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ ইরানের তেল থেকে আয় শূন্যে নেমে আসতে পারে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে বলেছেন, তেহরানের সঙ্গে চুক্তির ‘প্রয়োজন নেই’ যুক্তরাষ্ট্রের। এ বিষয়ে মনোযোগ সরিয়ে অন্যদিকে দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নির্দেশও দিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে! তাদের শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে রয়েছে এবং তাদের প্রণালিও আমাদের নিয়ন্ত্রণে।’
পরে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে ইরানে আবারও সামরিক হামলা চালাতে দ্বিধা করবেন না।
শুক্রবার থেকে হরমুজে তিন ট্যাংকারে হামলা
সর্বশেষ হামলায় শুক্রবার ও শনিবার প্রণালি থেকে বের হওয়ার সময় তিনটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ধরনের প্রক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেরিস্কস।
হামলার পেছনে কারা রয়েছে, তা নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি। তবে এতে ইরানের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনাকে ‘জোরালো’ বলে মূল্যায়ন করেছে তারা।
মেরিস্কস জানায়, শুক্রবার আন্তর্জাতিক সময় বেলা ৩টায় (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ১০টা) মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী রাসায়নিক ও তেলবাহী ট্যাংকার ‘ক্যাপ্টেন লিওন’-এর সামনের অংশে আঘাত লাগে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে সব নাবিক নিরাপদে রয়েছেন।
শনিবার আন্তর্জাতিক সময় ভোর ৫টায় (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার মধ্যরাত) হংকংয়ের পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ‘টর্কেল’-এর পেছনের অংশে আঘাত লাগে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। এর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে একই পতাকাবাহী আরেকটি ট্যাংকার ‘আরিনা’র ইঞ্জিনকক্ষে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
মেরিস্কস বলেছে, এসব হামলা ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘অব্যাহত গুরুতর হুমকি’ তুলে ধরছে। বিশেষ করে ওমানের উপকূলঘেঁষা ‘দক্ষিণ করিডর’ দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই করিডরের বিরোধিতা করে আসছে ইরান।
সূত্র: সিএনএন
এমএস/